শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলের অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বাড়ি ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করেছে বাস-ট্রাক চালক সমিতি। ২ ডিসেম্বর সোমবার সকালে ‘সম্মিলিত গাড়িচালক সমাজ’ এর ব্যানারে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড থেকে সমিতির সভাপতি আলি হোসেনের নেতৃত্বে মিছিলটি শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারী চালকরা জানান, বিরোধী দলের হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। অবরোধকারীরা অতর্কিতে চালকদের ওপর হামলা করে। অবরোধকারীদের দেওয়া আগুনে ইতোমধ্যে অনেক চালক মারা গেছেন । ওইসব ঘটনার প্রতিবাদে বিরোধীদলীয় নেত্রীর বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে মিছিল করছে চালকরা।
‘’ঘেরাও ঘেরাও ঘেরাও হবে, খালেদা জিয়া ঘেরাও হবে’- ইত্যাদি শ্লোগান দিতে দিতে মহাখালী বাসট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বনানী ঘুরে গুলশান-২ গিয়ে পৌঁছায়। ওই সময় পুলিশ বাধা দিলে রাস্তায় শুয়ে পড়ে মিছিলকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি পুনরায় শুরু হয়ে মহাখালী গিয়ে শেষ হয়।




