সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ, এ্যম্বুলেন্স ভাংচুর, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অবিস্ফোরিত দুটি ককটেল। পরিস্থিতি নিয়ন্তনে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশ জানায়, রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সিমান্তবাজারে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে ছাত্রদল কর্মিরা। এ সময় উত্তরবঙ্গগামী একটি এ্যাম্বুলেন্স (ঢাকা মেট্র-চ-৭১-১৫৭৮) ও একটি শ্যালো ইঞ্জিনচালিত ভুটভুটি ভাংচুর করে তারা। এ সময় র্যাব সদস্যরা সেখানে পৌছলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ও পর পর পাচটি ককটেল ছোড়ে ছাত্রদল কর্মিরা। এর তিনটি বিস্ফোরিত হলে বাকি দুটি অবিস্ফোরিতভাবে উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ছাড়া সিরাজগঞ্জ শহরসহ জেলার অন্যান্য উপজেলা থেকে তেমন কোন পিকেটিং বা মিছিলের খবর পাওয়া যায়নি। মহাসড়কসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্তি পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।




