মেহের আমজাদ, মেহেরপুর : অবরোধের তৃতীয় দিনেও মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে ২৮ নভেম্বর বৃহস্পতিবার ভোর থেকে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে অবরোধ করে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা। এ সময় মেহেরপুর-কাথুলি সড়কের কায়েম কাটা মোড়ে ১৫ থেকে ২০টি ককটেল ফাটায় অবরোধকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভোর ৬টা থেকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর, বারাদি, মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটা মোড়, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দি বাস স্ট্যান্ড, মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর ও গৌরিনগর মোড়ে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। সকাল ৯টা পর্যন্ত অবরোধ করে চলে যায় অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে অবরোধের কারণে জেলার দূর পাল্লা ও আন্তঃজেলার সব ধরণের পরিবহণ চলাচল বন্ধ রয়েছে।




