সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় এক স্কুলছাত্রীর উপর এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে এক বখাটে। ২৪ নভেম্বর রবিবার রাত ১০টার দিকে স্কুলছাত্রীর নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসিড আক্রান্ত হাছিনা খাতুন একই উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের লক্ষ্মিপুর গ্রামের আ. হামিদের মেয়ে ও স্থানীয় সাতলাঠি গালর্স স্কুলের সপ্তম শ্রেনীর ছাত্রী।
জানা যায়, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের স্কুলছাত্রী হাছিনা খাতুনকে প্রতিবেশী একই গ্রামের আ. বারিকের ছেলে ও খামার উল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ডলার প্রেম প্রস্তাব দেয়। কিন্তু হাছিনা এতে রাজি না হওয়ায় প্রায়ই ওই বখাটে তাকে বিরক্ত করত। এরই এক পর্যায়ে মেয়েটির পরিবার তাকে বিয়ে দেবার চেষ্টা করলে রবিবার রাত দশটার দিকে বখাটে ডলার মেয়েটির বাড়িতে তার উপর এসিড নিক্ষেপ করে। স্থানীয়ভাবে চিকিৎসা দেবার পর সোমবার সকালে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।




