সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘন্টার হরতাল বাবুগঞ্জে ব্যাপক ভাংচুর, পিকেটিং, মিছিল ও টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়েছে। ২৯ অক্টোবর মঙ্গলবার ভোররাতে বাবুগঞ্জ উপজেলা বিএনপিসহ ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। পিকেটাররা পুলিশের উপস্থিতি টের পেয়ে আত্মগোপনে চলে যায়। আবার পুলিশ চলে যাওয়ার পর পূর্নরায় সড়কে অবস্থান নেয়। হরতালের শেষ দিন সকালে উপজেলা ছাত্রদল নেতা আরিফুর রহমান শিমুল সিকদারের নেতৃত্বে বরিশাল-বাবুগঞ্জ সড়কের বটতলা আন্দিরপার নামক স্থানে সড়কে বড় বড় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করা হয়।
এদিকে সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান ও বিএনপির নেতা সামসুল আলম ফকিরের নেতৃত্বে বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাবুগঞ্জের স্টীল ব্রীজ এলাকা অতিক্রম করলে বিমানবন্দর থানা পুলিশ বাঁধা দেয়। পরে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্যে রাখেন ছাত্রদল সভাপতি দুলাল চন্দ্র সাহা, মোয়াজ্জেম হোসেন বিশ্বাস, দেলোয়ার হোসেন বাচ্চু, স্বেচ্ছাসেবকদল নেতা আমিনূল ইসলাম সিজন, যুবদল নেতা আবুল হাসানাত সিকদার, ইউসুফ হোসেন মাস্টার, মনিরুজ্জামান খোকন মাস্টার, আনোয়ার হোসেন হেমায়েত, মো. মাছুম পন্ডিত, রাজন সিকদার,আঃ জলিল,কামাল হোসেন প্রমুখ।
অপরদিকে মীরগঞ্জ বাজারে হরতাল সমর্থন কারীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে বিএনপির নেতা জামাল হোসেন পুতুলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্যে রাখেন,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান,বজলুর রহমান, তোফাজ্জেল হোসেন তোতা, সেলিম হাজী প্রমূখ।




