ইয়ানুর রহমান, যশোর : ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে যশোর সদরে এক সাংবাদিককে মারপিটসহ তার গাড়ীতে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। ২৭ অক্টোবর রবিবার সকালে স্থানীয় রূপদিয়া বাজারে ওই ঘটনা ঘটে। এছাড়া হরতালকারীদের হাতে সাংবাদিকসহ আহত ৩ ও গাড়ী ভাংচুরের ঘটনাও ঘটেছে। আহতরা হচ্ছে দৈনিক সমাজের কথা পত্রিকার সাংবাদিক রিপন, রূপদিয়া বাজারের যুবলীগের কর্মী মো. রুহুল আমিনের ছেলে পারভেজ ও অজ্ঞাত এক মটর সাইকেল আরোহী।
জানা যায়, রবিবার সকাল থেকে ১৮ দলের নেতাকর্মীরা থেকে থেকে মিছিল করে এক পর্যায়ে ছাত্র শিবিরের মিছিল থেকে যুবলীগ কর্মী পারভেজের ওপর হামলা চালানো হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে পাঠায়। দৈনিক সমাজের কথা’র সাংবাদিক রিপনকে বেধড়ক মারপিট করার পর তার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থককারীরা। তাকেও পুলিশের ভ্যান গাড়ীতে যশোরে চিকিৎসার জন্য পাঠানো হয়। সকাল থেকে একটি চায়ের দোকানপাটসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করে হরতাল সমর্থককারীরা। ওইসব ঘটনার পর থেকেই রূপদিয়া বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।




