স্টাফ রিপোর্টার : শেরপুরে উৎসব মুখর পরিবেশে শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৭ অক্টোবর সোমবার সমাপনী দিনে জেলা শিশু একাডেমির উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন প্রধান অতিথি এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছামছুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিশু একাডেমির পরিচালনা পর্ষদ সদস্য, আইডিয়াল প্রিপারেটরী স্কুলের উপাধ্যক্ষ নাসরিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিশু একাডেমীর ভারপ্রাপ্ত পরিচালক আসলাম আলী। পুরস্কার বিতরণ শেষে শিশু একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ নাচ, গান পরিবেশন এবং কবিতা ও ছড়া আবৃত্তি করে।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর রবিবার দুপুরে শহরের খরমপুর এলাকাস্থ জেলা শিশু একাডেমি অঙ্গণে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় ছিল ৩ অক্টোবর সকালে প্রি-প্রাথমিক শিশুদের জন্য মোরগ লড়াই, দৌড়, ছড়া প্রতিযোগিতা, শিশু ও মা সমাবেশসহ আলোচনা সভা।




