এম.এ করিম মিষ্টার, সৈয়দপুর, (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ৭৭টি পূজা মন্ডপ তৈরির প্রস্তুতি চলছে। এর মধ্যে পৌর এলাকায় ১৬টিসহ বিভিন্ন ইউনিয়নে ৬১টি পূজা মন্ডপে শেষ মুহূর্তের কাজ চলছে। বর্তমানে প্রতিটি পূজা মন্ডপে দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীর প্রতিমাকে রংবেরঙের তুলির আঁচড় দেয়া হচ্ছে। সাজানো হচ্ছে পূজা মন্ডপ। এবার সৈয়দপুরের সবচেয়ে বড় দুর্গাপূজার মন্ডপ বসেছে শহরের রংপুর রোডে শিল্পপতি ও সমাজসেবক সুশীল কুমার দাসের ব্যবসা প্রতিষ্ঠান সিটি ট্রেডার্সে। প্রতিবছরের মতো এবারও ওই পূজা মন্ডপ নান্দনিকতায় তৈরি করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। শান্তি শৃংখলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি করবে। শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করেছেন। ওই প্রস্ততি সভায় উপজেলা নির্বাহী কমকর্তার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাবেক এমপি আলিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্বাস আলী সরকার, সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, পূজা উদযাপন পরিষদ নেতা অধ্যাপক অমিত কুমার রায় প্রমুখ। অনুষ্ঠানে সৈয়দপুরের প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী সদস্যদের নিয়োজিত রাখার সিদ্ধান্ত হয়েছে।




