স্টাফ রিপোর্টার : শেরপুরে কৃষিপণ্যের বাজার ব্যবস্থাপনা বিষয়ে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শেরপুর কার্যালয়ের উদ্যোগে শেরপুর শহরের রাজবল্লভপুর এলাকায় সংস্থার সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা দিলীপ চিরান।
কর্মশালায় বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, প্রশিক্ষক মো. সাইদুল ইসলাম, পরিবেশকর্মী মো. মুগনিউর রহমান মনি, সবজি উৎপাদনকারী কৃষক মোসলেম উদ্দিন প্রমুখ।
কর্মশালায় সংস্থার অর্থনৈতিক উন্নয়ন কর্মকর্তা দিলীপ চিরান বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে একজন কৃষক তাঁর পণ্যের ন্যায্য মূল্য পেতে পারেন। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা যদি উৎপাদন এলাকা থেকেই কৃষিপণ্য সংগ্রহ করেন তাহলে কৃষকেরা পণ্যের পরিবহন খরচের হাত থেকে রেহাই পাবেন। পাশাপাশি ঘরে বসেই তাঁর উৎপাদিত পণ্যের নগদ মূল্য সংগ্রহ করতে পারবেন। আর এ জন্য একজন ব্যবসায়ীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় শেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন সবজি ও ফল উৎপাদনকারী কৃষক এবং ব্যবসায়ী অংশ গ্রহণ করেন।




