
স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা পুলিশের আয়োজনে জেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান বিপিএম, পিপিএম। শেরপুরের পুলিশ সুপার মেহেদুল করিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরল ইসলাম হিরু, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি লুৎফর রহমান মোহন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, শহর কমিটি’র সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, সাধারন সম্পাদক কাজী মতিউর রহমান মতি প্রমুখ। সংবর্ধনা শেষে জেলার ১৫ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার মাঝে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এর আগে সকাল ১০ টায় থানা মোড়স্থ বঙ্গবন্ধু স্কয়ারে কমিউনিটি পুলিশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। ওইসময় অতিথি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, কমিউনিটি পুলিশের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধী মহলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় পুলিশ লাইনস-এ বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান বিপিএম, পিপিএম প্রধান অতিথি ও ডিআইজি পত্নী মিসেস হাসিনা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।




