ফারহানা পারভীন মুন্নী : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ জাফর উল্লাহ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশ আবারও সেই কালো দিনে পিছিয়ে যাবে। আর সেই কালো দিনে পিছিয়ে গেলে মুক্তিযুদ্ধের চেতনার কবর রচিত হবে। এমনি অবস্থায় আমরা যদি আর সেই কালো দিনে ফিরে যেতে না চাই, আমরা যদি মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা-দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক সফল রাষ্ট্র দেখতে চাই, তবে আমাদেরকে সকল ভেদাভেদ ভূলে আবারও বঙ্গবন্ধু তনয়া দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে নির্বাচিত করতে হবে। তিনি ১৫ সেপ্টেম্বর রবিবার শেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা আওয়ামী লীগের দিনব্যাপী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, গত পৌণে ৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে, এদেশের ইতিহাসে তা কোনদিনই হয়নি। দেশকে এগিয়ে নিতে চাইলে আওয়ামী লীগ বা নৌকার কোন বিকল্প নেই। বর্ধিত সভায় প্রধান বক্তা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সম্ভাব্য প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে বিষোদগার এবং তাদের পক্ষে-বিপক্ষে অবস্থান ও কাদা ছোড়াছুড়ির প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, এবার দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের মতামতকেই প্রাধান্য দেওয়া হবে। ওই মতামতের ভিত্তিতে যিনিই মনোনয়ন পাবেন তার পক্ষেই বিভেদ-ক্লেশ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ভূমিমন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা এমপি ও হুইপ মির্জা আজম এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সাবেক মেয়র গোলাম মোঃ কিবরিয়া লিটন, মোঃ খোরশেদুজ্জামান, ফখরুল মজিদ খোকন, ছানোয়ার হোসেন ছানু, মিনহাজ উদ্দিন মিনাল, এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, এডভোকেট সুব্রত কুমার দে ভানু, আব্দুল হালিম উকিল, আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, গোলাম রব্বানী, অধ্যক্ষ মিজানুর রহমান, রফিকুল ইসলাম, মকছেদুর রহমান লেবু, গোলাম মোস্তফা, আতিকুর রহমান, প্রকাশ দত্ত প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বশিরুল ইসলাম শেলু। সভায় জেলা, উপজেলা, প্রথম শ্রেণীর পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১ হাজার ৫শ প্রতিনিধি অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকসহ মাঠ পর্যায়ের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক সভাস্থলের আশেপাশে অবস্থান নেয়।




