আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় হামলা চালিয়ে এক ব্যবসায়ীকে আহত করে তার কাছ থেকে অর্ধলক্ষ টাকা ছিনতাই মাদকসেবীরা। এ ঘটনায় আহত ব্যবসায়ীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আহত ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামের আবু তাহের মিয়ার ছেলে গৈলা মডার্ণ বেকারীর হোলসেলার মনির মিয়াকে গত সোমবার রাতে স্থানীয় মাদকসেবী বখাটেরা পিটিয়ে গুরুত্বর আহত করে ৫০ হাজার টাকা ছিনতাই করে নেয়। উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন মনির মিয়া জানান, কিছুদিন পূর্বে এলাকার চিহ্নিত কয়েকজনকে মাদক সেবনে প্রতিবাদ করায় তারা প্রতিশোধ নেবার সুযোগ খোঁজে। সোমবার মনির মিয়া বেকারীর টাকা পরিশোধ করতে বাড়ি থেকে গৈলা যাবার পথে স্থানীয় মাদকসেবী আলমগীর মিয়ার ছেলে কামরুল, মোশারেফ মিয়ার ছেলে টিপু, মজিবর মিয়ার ছেলে জসিম, দেলোয়ার মিয়ার ছেলে নজরুল মনিরের পথরোধ করে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী জয়রামপট্টি, আমবৌলা, কালারবাড়ি ও কোটালীপাড়া উপজেলার নারায়ণখানা, শুয়াগ্রাম এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বিক্রয় ও সেবনের নিরাপদ স্থানে পরিণত হয়েছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী মনিরের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।




