বাকৃবি প্রতিনিধি: সেমিস্টার ফি বাড়ানোর প্রতিবাদে ফুসেঁ উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা। সোমবার বর্ধিত সেমিস্টার ফি বাতিলের দাবি নিয়ে প্রশাসনের সাথে জরুরী সভা ও পরে ক্যাম্পাসে সমাবেশ করে বিভিন্ন অনুষদের লেভেল-০২ এর শিক্ষার্থীরা।
জানা গেছে, লেভেল-০২, সেমিস্টার-০১ এর সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম পূরনের জন্য ১,৭৮০ টাকা নির্ধারন করা হয়েছে যা পূর্বে ছিল ৩৮০ টাকা। এর প্রতিবাদে সকাল ১১টা থেকে ক্লাস বর্জন করে আন্দোলনে নামে লেভেল-০২ এর শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনের সাথে জরুরী সভায় বসে।
জরুরী সভায় উপস্থিত ছিলেন বাকৃবির নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জহিরুল হক খন্দকার, ছাত্র বিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ড. মো: আলমগীর হোসেন, প্রক্টর প্রফেসর ড. মো: হারুন-অর-রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন অনুষদের লেভেল-০২ এর ক্লাস প্রতিনিধিরা।
জরুরী সভায় শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন । কিন্তু সভা থেকে কোন ফলপ্রসূ সিদ্ধান্ত আসেনি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে তারা ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে আগামী বুধবারের মধ্যে তাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিগত লেভেল-০১, সেমিস্টার-০২ এ একইভাবে সেমিস্টার ফি বাড়ানো হয়েছিল। পরে শিক্ষার্থীদের আন্দোলনের তোপে উপাচার্যের বিশেষ বিবেচনায় উক্ত সেমিস্টারের জন্য বর্ধিত সেমিস্টার ফি মওকুফ করা হয়।




