ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর-ঝিনাইগাতী সড়কের ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজারে ৯ মে শুক্রবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জনি বর্মণ (১১) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। জনি ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া গ্রামের ধর্ম চন্দ্র বর্মণের ছেলে এবং চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯ টার দিকে জনি বর্মণ কালিবাড়ী বাজারে সড়ক পার হওয়ার সময় ঝিনাইগাতী থেকে শেরপুরগামী একটি বালু বোঝাই ট্রাক (নম্বর:ঢাকা মেট্রো-ট-১৬-১৬০৫) তাকে (জনি) চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক এবং তিন ঘন্টা শেরপুর-ঝিনাইগাতী সড়ক অবরোধ করে রাখে।
সংবাদ পেয়ে ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দায়ী চালকের শাস্তির আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয় এবং তিনঘন্টা পর ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিউর রহমান বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ চালক মুসলিম মিয়াসহ (৩০) ট্রাকটিকে আটক করেছে। নিহত শিশু জনির লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




