বাকৃবি প্রতিনিধি : সারা দেশব্যাপী ছাত্রলীগ নেতাকর্মীদের উপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে ৫ মে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ।
জানা গেছে, বিকেল ৫টার দিকে ছাত্রলীগের অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুর হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কে.আর (কামাল-রঞ্জিত) মার্কেট হয়ে টিএসসির সামনে এসে শেষ হয়। এসময় তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা সারা দেশব্যাপী ছাত্রলীগ নেতাকর্মীদের উপর জামায়াত-শিবিরের হামলার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি ক্যাম্পাসলাইভ২৪.কম-কে দেওয়া ছাত্রলীগ প্রতিষ্ঠার নামে বাকৃবি উপাচার্যের মন্ত্যবের তীব্র প্রতিবাদ জানান এবং এ মন্ত্যবের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে বলে হুশিয়ারী দেন।
উল্লেখ্য, গত ৩০শে এপ্রিল বাকৃবি উপাচার্য প্রফেসর ড. মো: রফিকুল হক ক্যাম্পাসলাইভ২৪.কম-কে বলেন, ‘বাকৃবিতে আমিই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছি। এ জন্য ১৯৬৬ সালে আমাকে বহিষ্কার করা হয়েছিল’।




