ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বিভিন্ন ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল ও ডাকাতদের ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের দু’সদস্যকে গ্রেফতার করেছে ছাতক থানা-পুলিশ। বুধবার গভীর রাতে অস্ত্র ও মালামালসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, আকত মিয়া ওরফে লিয়াকত আলী (৩৮) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা ইউনিয়নের প্রথমাদেক গ্রামের মৃত কুতুব উলাহর পুত্র ও ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র কালারাজা (৩৫)। বর্তমানে লিয়াকত আলী মুক্তারপুর গ্রামের কালা মিয়ার মেয়েকে বিয়ে করে এখানেই বসবাস করছে। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি গভীর রাতে অভিযান চালিয়ে লিয়াকত আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এ সময় অন্তত ১০টি ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল ও অস্ত্রাদি উদ্ধার করা হয়। পরে ডাকাত কালারাজাকেও তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয় সাংবাদিকদের সামনে অস্ত্র ও লুণ্ঠিত মালামালসহ দু’ডাকাতকে হাজির করা হয়। উদ্ধার করা মালামালের মধ্যে দুটি লাকেজ, বিভিন্ন ব্রান্ডের ১৬টি শাড়ী, ১টি কামিজ, ১টি শেলোয়ার, ১টি থ্রি-পিছ, ১টি লেপটপ, ৫টি মোবাইল সেট, ৮টি ঘড়ি, দু’জোড়া স্বর্ণের দুল, ১জোড়া স্বর্ণের রিং, ১টি স্বর্ণের আংটি, ৫টি স্বর্ণের নাক ফুল, ১টি ডিজিটাল ক্যামেরা, বিভিন্ন কোম্পানীর ১১টি সিম, ৬১ সৌদি রিয়াল, জর্দানের দিনার ১টি, ১টি ইস্ত্রি এবং ডাকাতদের ব্যবহৃত অস্ত্রের মধ্যে ১২টি রামদা, ১টি সাবল, ৩টি চিরা পাঞ্জা, ১টি লোহার রড ও ১২টি বিভিন্ন সাইজের টর্চ লাইট রয়েছে। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ শাহজালাল মুুন্সি জানান, ডাকাত সর্দার রাজুর সহযোগী লিয়াকতকে গ্রেফতার করে তার বাসা থেকে লুন্ঠিত মালামাল ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী লিয়াকত ছাতক, বিশ্বনাথ, ওসমানীনগর, হবিগঞ্জ, নবীগঞ্জ, বানিয়াচং, আজমিরিগঞ্জসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও ডাকাতি পরিচালনা করে আসছে।




