জামালপুর প্রতিনিধি : ৩১মার্চ জামালপুরের মাদারগঞ্জ শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন গুলাগুলি, এজেন্টদের মারধর, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে অভিযোগ এনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। নির্বাচন বর্জনের বিষয়ে আ’লীগ বলছে এটি বিএনপির সাজানো নাটক।
পশ্চিম জটিয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি’র মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হয়। সংঘর্ষ চলাকালে ব্যালট বাক্স ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২ রাউন্ড গুলি বর্ষণ ছুড়ে। ফলে ১ ঘন্টা ভোট গ্রহন বন্ধ থাকে। সংঘর্ষের ঘটনায় বিএনপি প্রার্থীর পুলিং এজেন্টসহ ইব্রাহীম ফারাজী, নুরল, দুলাল,আয়ুব আলী, শিল্পী বেগম, সরোয়ার, জিয়াউল, রমজান, হায়দার, জিয়া, চন্নু, তোতা, ছটকু, আমিনুল, কালাম, আব্দুলাহ্, টুটুল, শফিকুল, ইউসুফ, সবুজ আহত হবার খবর জানাগেছে। আহতদের মধ্যে ইব্রাহীম ফারাজীকে আশংকাজনক অবস্থায় জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলা ১১টায় মাদারগঞ্জ পৌর মেয়র মোশারফ হোসেন লেমন তালুকদারের গ্রামের বাড়ি গাবেরগাঁতে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিএনপি’র উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ ফায়েজুল ইসলাম লাঞ্জু নির্বাচন থেকে সরে দাঁড়ানোরও আনুষ্ঠানিক ঘোষনা দিয়ে বলেন, পাট-বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম ও আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসী বাহিনী ভোট গ্রহন শুরু হওয়ার পর পরই এক যোগে ৫১টি কেন্দ্রের মধ্যে ২৯টি কেন্দ্র দখল করে সীল পেটায়। বিএনপি প্রার্থীর এজেন্টদের মারধর করে ৮টি কেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে।
আওয়ামী লীগ কর্মীরা জামায়াত নেতা মির্জা মাজেদকে পিটিয়ে গুরুতর আহত করারও অভিযোগ করা হয়। ওই জামাত নেতা সকালে নূরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রী কলেজে নিজ কেন্দ্রে ভোট দিতে গেলে তার উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় এমপি মির্জা আজম ও প্রশাসনের ভূমিকারও সমালোচনা করে বলেন- প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানানো হয়। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন তালুকদার লেমনসহ বিএনপি’র নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী বিএনপির অভিযোগ নাকচ করে বলেন- নিশ্চিত পরাজয় জেনে বিএনপি এ নির্বাচন বর্জন নাটক সাজিয়েছে।




