অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : আবহাওয়া পরিবর্তনের কারণে বরিশালের আগৈলঝাড়ার বিভিন্ন গ্রামে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শিশুরা প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে। এছাড়াও আউটডোরেও প্রতিদিন ২০-২৫জন নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আবহাওয়া পরিবর্তনের কারণে গত ৭দিনে উপজেলার পাঁচটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল ও স্থানীয় চিকিৎসকদের কাছে চিকিৎসাধীন রয়েছে। পূর্ব সুজনকাঠী গ্রামের একবছরের জামিলা, গৈলা গ্রামের সাতমাস বয়সী জুনায়েদ, ফুল্লশ্রী গ্রামের দেড়বছরের মিতু, পতিহার গ্রামের আটমাসের ইসমাইল, উত্তর শিহিপাশা গ্রামের দু’বছরের আপন, একই গ্রামের একমাসের ফাহিমা, সেরাল গ্রামের আটমাসের সিয়াম, রাংতা গ্রামের চারমাসের নোভা, বেলুহার গ্রামের সাতমাসের ইয়ানুর, বারপাইকা গ্রামের তিনমাসের রুদ্র, একই গ্রামের তিনমাসের নিশি বল্লভ নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে। বুধবার পর্যন্ত ১১জন হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া প্রতিদিন হাসপাতালের আউটডোরেও ২০-২৫ জন নিউমোনিয়া রোগে শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে বলে হাসপাতালের মেডিকেল কর্মকতা ডা. সুবল কৃষ্ণ কুন্ডু জানান।

আগৈলঝাড়ায় বিদ্রোহী আওয়ামীলীগ প্রার্থীর প্রচারে বাঁধা :
আহত ৩ : থানায় অভিযোগ দায়ের
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়ায় সরকারী দল সমর্থিত প্রার্থীর সমর্থকের হামলায় প্রতিপক্ষ প্রার্থীর ৩ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে প্রচারের মাইক। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, আওয়ামীলীগ দলীয় বিদ্রোহী প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম)-র নির্বাচনী প্রচারের জন্য রতœপুর ইউনিয়নের কাজিরহাটে পৌঁছুলে আ’লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খানের (আনারস প্রতীক) জনৈক সমর্থক মিশুক থামিয়ে গালাগাল করে প্রচারক সরবাড়ি গ্রামের মৃত সুকুমার বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস, সহকারী প্রচারক তেতলা গ্রামের নন্দলাল বৈদ্যর ছেলে সুমন বৈদ্য ও মিশুক চালক সুজনকাঠী গ্রামের মোবারক মোল্লাকে বেদম মারধর করে আহত করে। এসময় তাদের দু’টি মাইক ভাংচুর করে আবার ওই এলাকায় প্রচারে গেলে গুলি করে হত্যার হুমকি দেয়া হয়। বিষয়টি থানাকে লিখিতভাবে জানানো হয়েছে। এর দু’দিন পূর্বেও তাদের প্রচারে যেতে নিষেধ করেছিল ওই সমর্থক। আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনা শুনেই তিনি ওই এলাকায় পুলিশ পাঠিয়েছেন।
আগৈলঝাড়ায় হামলা-সংঘর্ষে কলেজ ছাত্রীসহ আহত ১২

বরিশালের আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষে কলেজ ছাত্রীসহ ১২জন আহত হয়েছে। গুরুতর আহত ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের সর্বেশ্বর পান্ডে ও কার্তিক পান্ডের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার উপজেলা সেটেলমেন্ট অফিসের কর্মকর্তারা বিরোধীয় জমি সরেজমিন তদন্তে গেলে স্থানীয় সুরেন পান্ডে ও উত্তম পান্ডের নিকট জিজ্ঞাসা করলে তারা প্রকৃত ঘটনা জানালে সর্বেশ্বর ও তার সহযোগীরা তাদের উপর হামলা চালিয়ে আহত করে। হামলায় সুরেন পান্ডে, উত্তম পান্ডে, ইতি পান্ডে, মায়া পান্ডে ও প্রতিপক্ষের সর্বেশ্বর, কালু, কলেজ ছাত্রী ঝুমুরসহ ১২জন আহত হয়। আতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শোক
নুরজাহান বেগম
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সদ্যপ্রয়াত শামসুল হক বেপারীর স্ত্রী, ব্যবসায়ী পনির আলম ও প্রবাসী মো. নাসির আলমের মাতা নুরজাহান বেগম (৬৮) দীর্ঘদিন অসুস্থ থাকার পরে সোমবার রাতে মধ্য শিহিপাশা গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল (ইন্নালিল্লাহে….রাজেউন) করেছেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল দশটায় মরহুমার জানাজার নামাজে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।




