রাঙামাটি প্রতিনিধি : জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৪ এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৩ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। রাঙামাটি পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষার উন্নয়নে উদ্ভাবনীমূলক ব্যাপক কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ হবার গৌরব করেন। রাঙামাটিতে যোগদানের পর জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রাথমিক শিক্ষায় উদ্বুদ্ধ করণের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ বিতরণ, মিড ডে মিল চালু, ল্যাবরেটরী স্কুল প্রতিষ্ঠাসহ শিক্ষার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখেন। এ ছাড়াও ইভটিজিং বিরোধী অভিযান, ভেজাল বিরোধী অভিযান, ফুটপাত বেদখল, জেলা শিশু পার্ক উদ্ধার, জেলা প্রশাসকের বাস ভবনের সৌন্দর্য বৃদ্ধি, জেলা প্রশাসকের বাংলোয় মিনি জাদুঘর স্থাপন, অতিথি পাখির জেলা ওয়েব পোর্টাল, জেলা প্রশাসক কার্যালয়ে ওয়াইফাই জোন, দেশে প্রথমবারের মতো জেলা প্রশাসনের ফেইসবুক পেজের মাধ্যমে সেবা প্রদানের মতো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ২০১২ সালে ২৭শে এপ্রিল জেলা প্রশাসক মোস্তফা কামাল রাঙামাটিতে যোগদানের এক সপ্তাহের মধ্যে পর্যটন শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে শহরের রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শহরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হন।




