নরসিংদী প্রতিনিধি : জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় আনুষ্ঠানিকভাবে হস্তান্তর উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত এক দোয়া মাহফিল ও আলোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নরসিংদীর জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম ভূয়া মুক্তিযোদ্ধাদেরকে অনতি বিলম্বে আত্মসমর্পণ করার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন, ভূয়া মুক্তিযোদ্ধারা স্বপ্রণোদিত হয়ে আত্মসমর্পণ করে তাদের ভূয়া সনদপত্র জমা দিতে হবে। অন্যথায় এসব ভূয়া মুক্তিযুদ্ধাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ফৌজদারী আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে এবং এই পর্যন্ত ভূয়া মুক্তিযোদ্ধা সনদ দেখিয়ে সরকারী বেসরকারীভাবে যত সুবিধা ভোগ করেছে তা ফিরিয়ে নেয়া হবে। সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চে’র জেলা আহবায়ক আব্দুল মোতালিব পাঠান। বক্তৃতা করেন, সাবেক যুগ্ম-সচিব মাইন উদ্দিন খন্দকার, নরসিংদীর এডিসি (জেনারেল) সুরাইয়া বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেনিসা রড্রিক্স, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান বুলু মাস্টার, হাবিবুর রহমান হাবিব, মুনসুর আহমেদ, মতিউর রহমান তারা এবং ৬ উপজেলার আহবায়কগন।
উল্লেখ্য যে, জেলা প্রশাসকের ভূয়া মুক্তিযোদ্ধা সংক্রান্ত বক্তৃতার সময় মঞ্চে একজন ভূয়া মুক্তিযোদ্ধা বসে থাকায় রায়পুরার বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা সমাবেশ ত্যাগ করে চলে যান। তারা জানান, এই অনুষ্ঠানে যিনি মুক্তিযোদ্ধাদের প্যাকেট লাঞ্চের ব্যবস্থা করেছেন তিনিও একজন ভূয়া মুক্তিযোদ্ধা। আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে এই ভূয়া মুক্তিযোদ্ধার টাকায় কেনা খাবার খেতে পারিনা।




