নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের চিকলী বাজারে জনৈক বিএনপি নেতার একটি রাইস মিল ও শুকনো কাঠের গোডাউনে সৃষ্ট এক অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার ভোর রাতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাজার সংলগ্ন বাড়ির লোকজন জানান, ভোর আনুমানিক ৪টার দিকে বাজারের বিসমিলাহ ট্রেডার্সের রাইস মিল ও সংলগ্ন শুকনো কাঠের গোডাউনে সৃষ্ট আগুনের আলোতে তাদের ঘুম ভেঙ্গে যায়। অগ্নিকান্ডের এ ঘটনা তাৎক্ষনিকভাবে সৈয়দপুর ফায়ার সার্ভিন অফিসে খবর দেয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ইতোমধ্যে পুড়ে যায় ভাড়ায় নেয়া কাঠের গোডাইনের মালিক তহিদুল ইসলামের প্রায় সাড়ে ৪ লাখ টাকার কাঠ, রাইস মিলের যন্ত্রাংশ এবং মিলের ভিতরে থাকা একটি অটো রিকশা, ১৫টি ভ্যান ও ৮টি রিকশা। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে জানিয়েছেন সৈয়দপুর ফায়ার সার্ভিস। বিসমিলাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও কামারপুকুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহŸায়ক লোকমান হোসেন জানান, ধারনা করা হচ্ছে কাঠের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ওই গোডাউনে বিদ্যুতের কোন সংযোগ নেই।
অপরদিকে সৈয়দপুর শহরের রসুলপুরে একটি পরিত্যক্ত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।




