শেরপুরে কবিসংঘ বাংলাদেশ’র মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই শুক্রবার বিকেলে শহরের বটতলাস্থ শ্যামলবাংলা২৪ডটকম কার্যালয়ে আয়োজিত এবারের ওই সাহিত্যালাপজুড়ে ছিল বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ, সদ্য প্রয়াত ষাটের দশকের অন্যতম কবি, ‘দৈনিক ইত্তেফাক’র সাহিত্য সম্পাদক আল মুজাহিদী, বাংলা একাডেমির সভাপতি, লোকায়ত সম্পাদক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং চিত্রশিল্পী মোস্তাফা মনোয়ারের জীবনভিত্তিক আলোচনা। অনুষ্ঠানের শুরুতেই তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংগঠনের সভাপতি কবি, গীতিকার ও সাংবাদিক রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ওই চার গুণীর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনায় অংশ নেন কবিসংঘ বাংলাদেশ’র কার্যকরী সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক ড. আবদুল আলীম তালুকদার ও নব্বই দশকের অন্যতম কবি হাদিউল ইসলাম।
কবিসংঘ বাংলাদেশ’র অতিরিক্ত সাধারণ সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কবিতা পাঠে অংশ নেন কবি ও সাংবাদিক হাফিজুর রহমান লাভলু, কবি শওকত হোসেন, কবি মোহাম্মদ রবিউল আলম, কবি ও গল্পকার আশরাফ আলী চারু, কবি আজাদ সরকার, কবি নূরুল ইসলাম নাযীফ, কবি শেখ ফয়জুর রহমান, কবি আবু বকর সিদ্দিকী খান, কবি রোমেল খান প্রমুখ।

অনুষ্ঠানে কবিসংঘ বাংলাদেশ’র মাসিক সাহিত্যপত্র ‘অরিত্র’র বর্ষামঙ্গল সংখ্যা (পঞ্চম সংখ্যা)’র মোড়ক উন্মোচন করা হয়।




