শেরপুরে যোগদান করে দায়িত্বভার বুঝে নিয়েছেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২৭ এপ্রিল সোমবার সকাল ৯টায় তিনি জেলা প্রশাসকের অফিস কক্ষে বিদায়ী জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। ওইসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ছিলেন। এর আগে তিনি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নেত্রকোনা জেলার বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। এছাড়া ময়মনসিংহের ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
বারহাট্টার উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালে তিনি বাল্যবিবাহমুক্ত উপজেলায় পরিণত করেছিলেন। তার দায়িত্বকালীন সময়ে তিনি ৫৯টি বাল্যবিবাহ ঠেকিয়েছেন। নিরলস পরিশ্রমের কারণে বারহাট্টা উপজেলা বাল্যবিবাহমুক্ত হওয়ায় পুরস্কারও পেয়েছিলেন তিনি।

ফরিদা ইয়াসমিন জামালপুর সদর উপজেলার বাসিন্দা। বাবা ফজলুল হক চৌধুরী ও মা খালেদা বেগমের ছয় সন্তানের মধ্যে সবার বড় তিনি। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে সরকার ও রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ২৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন।




