মমিন বাগের দেয়াল ঘেঁষে
ফুটছিল দুই জবা ফুল,
ফুল দেখে দুই রূপবতীর
খুশি যেন পায় না কূল।
দুইটি মেয়ে পাঁচটি লাফে
আনলো পেড়ে একটি ফুল,
পথের ধারে ফুটলো কেন
এটিই ছিলো ফুলের ভুল।
দুইটি মেয়ের একটি খাঁটো
একটি ছিল লম্বাটে,
জবা নামের ফুলটি ছিল
দেয়ালঘেরা এক বাটে।
হাঁটতে গিয়ে ফুলের উপর
পড়লো তাদের বদনজর,
ফুলের সাথে ডালটি ভাঙতেও
তাদের মনে নেই ওজর।
আমি ছিলাম স্বাক্ষী গোপাল
সেদিনের সে সাঁঝবেলায়,
পরের গাছের ফুল ছিঁড়িয়া
মজবে তারা কোন খেলায়?
হয়তো গুঁজবে নিজের খোঁপায়
নইলে করবে হাতবদল,
ফুলের ব্যথায় গাছের চোখে
সারা নিশি ঝরবে জল।
ফুলটি ছিঁড়ে হাসছে তারা
আমার বুকে দুঃখের ঢেউ,
রাত পোহাবে ঘুমহীনতায়
সে খবর কি রাখবে কেউ?




