শেরপুর-১ (সদর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম বলেছেন, এবারের নির্বাচনে মানুষ রায় দিয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় পেয়েছি। আমি ১ লাখ ২৭ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছি, আমি শুধু ১ লাখ ২৭ হাজার ভোটারদের এমপি না, আমি এখন শেরপুর সদর আসনের সাড়ে ৪ লাখ ভোটারের এমপি। তিনি ১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরের নওহাটা আলিয়া মাদরাসা মাঠে নির্বাচন পরবর্তী নারী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

তিনি আরও বলেন, শহীদ কামারুজ্জামানকে হত্যাকান্ড এটা কেউ মেনে নিতে পারে নাই। শহীদ কামারুজ্জামানের হত্যার প্রতিশোধ হিসেবে মানুষ দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়েছে। আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে আছি বলেই মানুষ আমাদের পক্ষে ভোট দিয়েছে, মানুষ আমাদেরকে পছন্দ করেছে, ভোট দিয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য এবং এই চেষ্টা আল্লাহ তায়ালা কবুল করেছেন।
রাশেদুল ইসলাম বলেন, শেরপুরে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, নারীদের নিরাপত্তা বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা জোরদার করাসহ ইভটিজিং নির্মূল করা হবে। মাদক এবং জুয়ামুক্ত শেরপুর গড়ে তোলা হবে। কুটিরশিল্প গড়ে তোলার মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে ।

সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সোবাহানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাফিজুর রহমান, শূরা সদস্য হাফেজ মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিন, শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান প্রমুখ। ওইসময় বিভিন্ন ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন।




