ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয় বা পরাজয়ের কিছু নেই। ১০ সেপ্টেম্বর বুধবার সকালে সিনেট ভবনের সামনে ফল ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ ও আজাদী আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। ছাত্রলীগের নির্যাতনে যারা শহীদ হয়েছেন, তাদেরও স্মরণ করছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের ওপর যে নেতৃত্বের আমানত দিয়েছে, আমরা তা যথাযথভাবে রক্ষা করবো ইনশাআল্লাহ।

সাদিক কায়েম আরও জানান, তিনি ভিপি হিসেবে পরিচয় দিতে চান না, বরং “বোনের ভাই, ভাইয়ের ভাই” হিসেবে শিক্ষার্থীদের পাশে থাকবেন। তিনি প্রতিশ্রুতি দেন, ঢাবি ক্যাম্পাসকে সবার জন্য নিরাপদ এবং পূর্ণাঙ্গ একাডেমিক পরিবেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।
এসময় তিনি সকলকে অনুরোধ করেন, এই সাফল্যকে কেন্দ্র করে বিজয় মিছিল না করার এবং শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস তৈরিতে একত্রিতভাবে কাজ করার জন্য।




