বলিউড পরিচালক ফারহান আখতারের নিয়ে আসছেন ‘ডন ৩’। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর সিং ও কিয়ারা আদবানি। সুখবর হচ্ছে এ সিনেমার হাত ধরেই নাকি আবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে।

হিন্দুস্তান টাইসের প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যেই ‘ডন ৩’ এর জন্য পরিচালক যোগাযোগ করেছেন শাহরুখের এর সঙ্গে। সিনেমার গল্প এবং চরিত্রের বিবরণ শুনে শাহরুখ নাকি রাজিও হয়েছেন কাজ করতে। যদিও এই মুহূর্তে কিং খান নিজের পরবর্তী সিনেমার জন্য ভীষণ ব্যস্ত কিন্তু ফারহানের বন্ধুত্বের কথা মাথায় রেখে তিনি এই ক্যামিও চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন।
যেহেতু এই মুহূর্তে রণবীর, শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারা প্রত্যেকেই নিজের কাজে ব্যস্ত রয়েছেন তাই আপাতত এর শ্যুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, ২০০৬ সালে শাহরুখের হাত ধরে নতুন ‘ডন’ তৈরি হয়। সেবার ‘ডন: দ্য চেজ বিগিনস এগেইন’ সুপারহিট হওয়ার পর শাহরুখকে নিয়েই সিকুয়েল মুক্তি পায় ২০১১ সালে। আসে ‘ডন ২: দ্য কিং ইজ ব্যাক’ নামের সিনেমা। এরপর থেকে এই সিরিজের আরেকটি সিনেমার প্রত্যাশা ছিল দর্শকদের। শ্যুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকে।




