মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের দু’টি আসনের নির্বাচন শান্তিপূর্নভাবে শেষ হয়েছে। নির্বাচনে মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ফরহাদ হোসেন দোদুল (নৌকা) ও মেহেরপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন (ফুটবল) বেসরকারি ভাবে জয় লাভ করেছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী এ নির্বাচনে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ফরহাদ হোসেন দোদুল (নৌকা) জয় লাভ করেছেন। তিনি মোট ৮০ হাজার ১৪৬ ভোট পেয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী অ্যাড. ইয়ারুল ইসলাম (ফুটবল) ১৩ হাজার ৯১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। বাতিল ভোট ৪ হাজার ২শ’ টি। মেহেরপুর-১ আসনে ৯৮টি কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৩৩৯ জন। এদের মধ্যে ৯৮ হাজার ২৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনে শতকরা ৩৯ ভাগ (প্রায়) ভোট পোল হয়েছে।
এদিকে মেহেরপুর-২(গাংনী) আসনে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন (ফুটবল) জয় লাভ করেছেন। তিনি মোট ৪৬ হাজার ৭৭০ ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম.এ খালেক (নৌকা) ৩৬ হাজার ৪৮৯ ভোট পেয়ে পরাজিত হন। নির্বাচনের অপর প্রার্থী জাতীয় পার্টি (মঞ্জু) আব্দুল হালিম (বাই-সাইকেল) এক হাজার ৩২৩ ভোট পেয়েছেন। বাতিল ভোট ২ হাজার ৮৫৬ টি। মেহেরপুর-২ আসনে ৮০ টি কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৮ হাজার ২৩৬ জন। এদের মধ্যে ৮৭ হাজার ৪৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ আসনে শতকরা ৪০ দশমিক ৬৮ ভাগ (প্রায়) ভোট পোল হয়েছে।
জেলার দু’টি আসনের মোট ১৭৮টি কেন্দ্রের নির্বাচনকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল মেহেরপুর জেলা প্রশাসন। কেন্দ্রের বাইরে র্যাব, পুলিশ, বিজিবি’র ফোর্সের ভ্র্যামমান দলের টহলসহ স্ট্রাকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন সেনাবাহিনীর সদস্যরা।




