শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : শরণখোলায় নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা মীর হাসানসহ ৩ নেতা-কর্মী আহত হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য শরণখালা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জানুয়ারী শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার দুপুর ১টায় উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনতলা এলাকায় জেলা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজি আঃ রহিম খাঁনের আনারস প্রতীকের ৪/৫ জন সমর্থকরা জড়ো হয়। আওয়ামীলীগ নেতা আকন আলমগীর, ছাত্রলীগ নেতা হাসান মীর, বাবুল ও আসাদকে দেখে আওয়ামীলীগের প্রার্থী ডাঃ মোজাম্মেল হোসেনের নৌকা মার্কার সমর্থরা ক্ষিপ্ত হয়। ৪০/৪৫ জন নৌকা মার্কার সমর্থকরা একত্রিত হয়ে এসময় তাদের উপর হামলা চালায়। এতে উপজেলা ছাত্রলীগ নেতা মীর হাসান, ছাত্রলীগ কর্মী বাবুল ও আসাদ আহত হন। আওয়ামীলীগ নেতা আকন আলমগীর এসময় দ্রুত পাশ্ববর্তী একটি বসত ঘরে আশ্রয় নিলে তিনি রক্ষা পান। এর মধ্যে হাসানকে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামীলীগ নেতা আকন আলমগীর জানান, নৌকা মার্কার লোকজন বিএনপির নেতা কর্মীদের কেন্দ্রে না যেতে হুমকি ধামকি দেয়ার খবর পেয়ে তারা সেখানে যান। এসময় তারা অতর্কিতে হামলা চালায়। সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হোসেন জানান, হামলার ঘটনা সত্য নয়। নির্বাচনী প্রচারনার সময়সীমা পার হয়ে যাবার পর নৌকা মার্কার লোকজন আইন ভঙ্গ করে প্রচারনায় নামলে এলাকাবাসী তাদেরকে তাড়া করলে তারা পালিয়ে যায়।




