শেরপুরে চাঞ্চল্যকর সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছে মামলার প্রধান আসামি সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার আন্দুস সালামের ছেলে রঞ্জু মিয়া (৩৩) ও মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে হামিদ মিয়া (৫০)। গ্রেফতারকৃতদের ১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

র্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার হাছেন আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। সম্প্রতি ছুটিতে এসে গত ২ ডিসেম্বর সকালে বাবার সাথে ধান কাটতে যান ওয়াসিম। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচারা মিলে ওয়াসিমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় ওয়াসিমের ছোট ভাই জসিম উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে মাঠে নামে। এরই অংশ হিসেবে র্যাব-১৪ শুক্রবার ভোরে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে রঞ্জু মিয়াকে গ্রেফতার করে। এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার পল্লীবিদ্যুৎ মোড়ে অভিযান চালিয়ে হামিদ মিয়াকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।




