শেরপুরে চাঞ্চল্যকর আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন (৪৮) হত্যা মামলায় গ্রেফতার ২ আসামির ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২ এপ্রিল দুপুরে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূইয়ার আদালতে মামলার তদন্ত কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হচ্ছেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ (৪৫) ও মোবারক মোস্তাক (৩২)।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, চাঞ্চল্যকর ওই মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। ২ আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। এতে তদন্ত কাজে অগ্রগতি হতে পারে।
উল্লেখ্য, ৩১ মার্চ রবিবার ভোররাতে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা চুনিয়ারচর থেকে যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী আব্দুল হালিম জীবনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। জীবন শহরের মধ্য নওহাটা এলাকার সাইদুর রহমান সুরুজ মাস্টারের ছেলে। ওই ঘটনায় নিহত জীবনের দ্বিতীয় স্ত্রী আতিয়া আক্তার বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ (৪৫), একই ইউনিয়নের ডাকপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে মোবারক মোস্তাক (৩২), মোঃ আফিল উদ্দিনের ছেলে মো. রকিব হোসেন জিহাদ (২০), হযরত আলীর ছেলে মো. কালু মিয়া (২৫), শহরের পূর্বশেরী এলাকায় ভাড়ায় বসবাসকারী ফারুক আহাম্মেদের স্ত্রী রুপা বেগম (২৮) ও কান্দাশেরীচর এলাকার ফারুক হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪০)সহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ওই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের তথ্য জানায় পুলিশ। একইদিন বিকেলে আদালতে ২ নারী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।




