শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর বাংলামোটরে বাসে আগুন দিয়ে পুলিশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে ২ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ৩০ ডিসেম্বর সোমবার হাফিজের জামিন ও রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম হারুন অর রশিদ ওই আদেশ দেন। এর আগে বিএনপির ওই নেতাকে আদালতে হাজির করে পুলিশ হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে রমনা থানা পুলিশ। এসময় হাফিজউদ্দিনের আইনজীবীরা জামিনের আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে ওই আদেশ দেয় আদালত।
উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবে রবিবার রাতে সংবাদ সম্মেলন করে বেরিয়ে যাওযার সময় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এর আগে সংবাদ সম্মেলনে আগামী ৫ জানুয়ারির নির্বাচন স্থগিত না হওয়া পর্যন্ত ১৮ দলের নেতাকর্মীরা সারাদেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবস্থান করবে বলে ঘোষণা দেন হাফিজ উদ্দিন।




