শেরপুর ও শ্রীবরদী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। ২ ফেব্রুয়ারি বুধবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক স্থানে ওইসব ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সদর উপজেলার কুষ্ণপুর দড়িপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও শ্রীবরদী উপজেলার শিমুলচড়া গ্রামের সুলতান আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় গাছ বোঝাই একটি ট্রলির সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম।
অপরদিকে, বিকেলে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা কওমী মাদ্রাসার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান উপজেলার শিমুলচড়া গ্রামের মোটরসাইকেল চালক সুলতান আহম্মেদ।

ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




