ঝালকাঠি সংবাদদাতা : অবিরাম হরতাল অবরোধে ঝালকাঠির স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে। সাথে সাথে মানুষের মধ্যে বিরাজ করছে আতংক আর ভয়। সাধারন মানুষ রাস্তায় নামতে ভয় পাচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীরা রয়েছে গ্রেফতার আতংকে। পাশাপাশি সরকারী দলের নেতা কর্মীরাও রয়েছে হামলা আতংকে। ব্যবসায়ীদের ব্যবসা যাচ্ছে মন্দা। শাকসবজী সহ দাম বেড়েছে অনেক বাজার পন্যের। অবরোধের কারনে ঝালকাঠি জেলার গ্রামগুলো থেকে শহরে আসছে না মানুষ। কাচাবাজারের খুচরা বিক্রেতারা বর্তমানকে জানায়, অবরোধের কারনে তাদের বিকল্প পথে অতিরিক্ত খরচ দিয়ে শাক-শবজী গ্রাম থেকে আনতে হচ্ছে। এ কারনে তারা এসব পন্যের দাম বৃদ্ধি করেছেন। এছাড়া শ্রমজীবী মানুষও অবরোধের কারনে অর্থ সংকটে ভূগছে। বিশেষ করে জেলার আভ্যন্তরীন ও দূর পালার রুটে বাস চলাচল বন্ধ থাকায় বাসে কর্মরত শ্রমিকদের আয় বন্ধ রয়েছে। তারা ধার দেনা করে চলছে তাদের সংসার। হরতাল- অবরোধে জনদূভোর্গ হচ্ছে, জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম নুপুরের কাছে এ প্রশ্ন রাখলে, তিনি বলেন, আমাদের কর্মসূচীতে জনগনের পূর্ন সমর্থন রয়েছে। গনতন্ত্র প্রতিষ্ঠায় জেলার সাধারন মানুষ এর চেয়েও কঠিন কর্মসূচী আশা করছে। জিয়া পরিষদের সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার এ,কে,এম রেজাউল করিম বলেন, এই দূভোর্গ সাময়িক। বড় কিছু অর্জন করতে হলে জনগনকে কিছুটা ত্যাগ স্বীকার করতে হয়। আমি আশা করছি অচিরেই জনগনের বিজয় হবে।




