একেএম কামাল উদ্দিন টগর নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা ব্যার্থ হওয়ায় ডাকাতরা ককটেল ফাটিয়ে এলাকা ত্যাগ করে। এ সময় তাদের হামলায় গৃকর্তা ও তার ছেলে আহত হয়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার সমসপাড়া মুন্সিপাড়া গ্রামের প্রবাসী ব্যবসায়ী ফজল মীরের বাড়িতে ১৫/ ১৬জন মুখোসধারী ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতরা তার বাড়ির প্রথম গেটের তালা ভেঙ্গে দ্বিতীয় গেটের তালা ভাঙ্গার সময় বাড়ির লোকজন টের পেয়ে গেটে চলে আসে। তখন ফজলমীর (৪০) ও তার ছেলে শাহিনুর (২২) এর সাথে ডাকাতদের ধস্তাধস্তির এক পর্যায় ডাকাতদের আক্রমণে পিতা পুত্র আহত হন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা বলেন, তারা ডাকাতির জন্যই এসেছিল। এলাকাবাসীর সাহসী ভূমিকায় তারা পালিয়ে গেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় চরম আতংক বিরাজ করছে।
সন্ধ্যায় রিপোর্ট লেখা পর্যন্ত আত্রাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পলিশ সূত্রে জানা গেছে।




