সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ২টি মন্দিরে ১১টি প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। ২৬ ন¤ম্বর মঙ্গলবার মধ্যরাতের কোন এক সময়ে প্রতিমাগুলো ভাংচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার, পুলিশের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, মঙ্গলবার মধ্য রাতে দূর্বৃত্তরা শত বছরের ঐতিহ্যবাহী জামিরতা শ্রী শ্রী কালী মন্দিরে রক্ষিত কালী প্রতিমা, ডাকিনী, যোগিনী, রাক্ষুসী, পাশে অবস্থিত হরি মন্দিরে রক্ষিত রাধা কৃষ্ণ, শিতলী, যোগমায়া সহ ১১টি প্রতিমা ভাংচুর করে। দূর্বৃত্তরা যাবার সময় মন্দিরের সেবায়েত জ্যোতিষ চন্দ্র ঘোষ ও পাশবর্তী আয়নাল হোসেনের বিশাল খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে যায়। মুহুর্তের মধ্যে খড়ের পালা দুটি ভস্মিভূত হয়ে যায়। পরে এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল সাবরিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামিম ইকবাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান শামিম ইকবাল ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোষীদের খুজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।




