সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর জলয়াকায় জামায়াত- শিবিরের হামলায় আহত পুলিশ সদস্য আজিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলেন। বুধবার রাত ১২টার দিকে তিনি মারা গেছেন। নিহত আজিজুর রহমান রংপুর জেলার কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের মৃত আবুল কাশেম মন্ডলের ছেলে। রংপুর রেঞ্চ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তৈয়ব মো. বেলাল জানান, চলতি বছরের ২৫ অক্টোবর বিকালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পেট্টল পাম্প এলাকায় জামায়াত- শিবির কর্মীরা র্যাব-পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ সদস্য আজিজুর রহমান আহত হন। এদিন রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৪ নভেম্বর তাকে ছাড়পত্র দিয়ে বিশ্রামে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। বিশ্রামে থাকা অবস্থায় আবারো গত ২০ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে মারা যান। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। উলেখ্য ২৫ অক্টোবর বিকেলে উপজেলা শহরের পেট্টল পাম্প এলাকায় জামায়াত- শিবিরের একটি লাঠি মিছিল শহরের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষুব্ধ নেতা- কর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে ও একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিযন্ত্রনে পুলিশ ও র্যাব-৫ এর সদস্যরা শতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট এবং চাইনিজ রাইফেলের গুলি ছোড়ে।




