মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরের মহিষবাথান এলাকার উদয়ন সমিতির উদ্যোগে ৭১ জন দুস্থ মহিলার মাঝে বিনামূল্যে ৭১টি ছাগল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২১ নভেম্বর বৃহস্পতিবার উদয়ন কিন্ডার গার্টেন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ মহিলাদের মাঝে ছাগল বিতরণ করেন।
এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদয়ন কিন্ডার গার্টেন অধ্যক্ষ মেহের আলী প্রামাণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, হাতুড় ইউপি চেয়ারম্যান আকবর হোসেন, উদয়ন সমিতির নির্বাহী পরিচালক ফজলুল হক মোল্লা, মহিষবাথান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তপন কুমার দেবনাথ, সাংবাদিক আবেদ আলী মন্ডল প্রমুখ। এ সময় বিনামূল্যে স্থানীয় বাসিন্দাদের ৩শ ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রদান এবং ছাগলের খাদ্য বিতরণ করা হয়।




