নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি খেলার মাঠে দু’পক্ষের সংঘর্ষের আশঙ্কায় বৈশাখী মেলার আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। ৬ এপ্রিল শনিবার কাকরকান্দি খেলার মাঠে দু’পক্ষই মেলা আয়োজনে মুখোমুখি অবস্থান নিলে প্রশাসন পহেলা বৈশাখ পর্যন্ত ওই মাঠে ১৪৪ ধারা জারি করে সব আয়োজন বন্ধ করে দেয়।

স্থানীয়রা জানায়, প্রায় দশ বছর যাবৎ কাকরকান্দি খেলার মাঠে বৈশাখী মেলার আয়োজন করে আসছে শহীদ মোফাজ্জাল স্মৃতি সংঘ পাঠাগার নামে স্থানীয় একটি সংগঠন। এবারো তারা সে আয়োজনের প্রস্তুতির জন্য মাঠে ডেকোরেশনের কাজ করতে যায়। একই সঙ্গে ওই মাঠে এবার মেলার আয়োজক হতে চায় কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান কাকরকান্দি মাঠে ১৪৪ ধারা জারি করেন।
কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল ঘটনাটি নিশ্চিত করে বলেন, যদিও সংঘর্ষের আশঙ্কায় মাঠে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবুও বিগত দশ বছর যাবৎ যারা আয়োজন করছে তাদের দিয়েই মেলার ধারাবাহিকতা রক্ষা করতে পারলে ভালো হতো।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, বিশৃঙ্খলা এড়ানোর স্বার্থে ওই মাঠে মেলার আয়োজনে ১৪৪ ধারা জারি করা হয়েছে।




