শ্যামলবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৪২ তম জাতীয় অ্যাথলেটিকসের দ্বিতীয় দিনে ৪শ মিটার দৌড়ে মিলজার হোসেনের ৩২ বছরের রেকর্ড ভাঙলেন দেশের অন্যতম সেরা অ্যাথলেট, শেরপুরের কৃতি সন্তান জহির রায়হান। ২৫ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিনি ৪৬.৮৭ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ডসহ জিতেছেন ৪০০ মিটার দৌড়ের স্বর্ণ।
জহির গত বছর জুলাইয়ে ইনজুরি থেকে ফিরে সামার মিটে অংশ নিয়ে স্বর্ণ জিতেছিলেন ৪৮.১০ সেকেন্ড সময় নিয়ে। এবার ১.২৪ সেকেন্ড সময় কমিয়ে তিনি গড়লেন নতুন রেকর্ড।
রেকর্ড গড়ার পর জহির রায়হান বলেন, আমি অনেক দিন ইনজুরিতে ছিলাম। গত সামারে ফিরে রেকর্ড করার কথা ভেবেছিলাম, কিন্তু হয়নি। এবার পারলাম অনেক দিনের পুরোনো রেকর্ড ভাঙতে। খুব ভালো লাগছে। আমি অনেক পরিশ্রম করেছি। আমার কোচও অনেক পরিশ্রম করেন। এখন আমরা লক্ষ্য সামনে এসএ গেমসে ভালো একটা টাইমিং করে যাতে দেশের জন্য সুনাম অর্জন করতে পারি।
এর অাগে১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে ৪৭.৫৫ সেকেন্ডে ৪০০ মিটার দৌড় শেষ করেছিলেন অ্যাথলেট মিলজার হোসেন। তারপর গত ৩২ বছর এর চেয়ে ভালো টাইমিং করতে পারেননি বাংলাদেশের কোনো অ্যাথলেট। মিলজার হোসেনের চোখের সামনেই তার তিন দশকের বেশি সময়ের রেকর্ড গুড়িয়ে দিলেন এই প্রজন্মের প্রতিভাবান অ্যাথলেট জহির রায়হান।
জহিরের দৌড় শেষের পর পরই তাকে অভিনন্দন জানাতে মাঠে ছুটে এসেছিলেন মিলজার হোসেন। জহিরকে বুকে জড়িয়ে ধরে বললেন, ‘কারো রেকর্ড ভেঙে গেলে কষ্ট পাওয়া স্বাভাবিক। যতটুকু কষ্ট পেয়েছি তার চেয়ে অনেক খুশি হয়েছি। আশা করছি জহির আরো ভালো করবে। এ টাইমিং করতে পারলে জহিরের এশিয়ান গেমসে ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। এমনকি পদকও পেতে পারে। সে দেশের বড় গর্ব। যে আমাদের দেশের সম্মান বৃদ্ধি করতে পারবে, তাকে আরো উৎসাহিত করা উচিত।’




