শ্যামলবাংলা ডেস্ক ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত শেরপুরের এমদাদুল হক ওরফে খাজা ডাক্তার (৮৭) নামে এক আসামির মৃত্যু হয়েছে। ২ জানুয়ারি বুধবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ আল মালুম ওই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
খাজা ডাক্তারের ছেলে নাদিম তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হলে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে তিনি মারা যান। বিকেলে নকলার কুর্শাবাদাগৈর গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, নকলা উপজেলার মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ২০১৭ সালের ২৪ এপ্রিল হোমিও চিকিৎসক এমদাদুল হক খাজাকে গ্রেফতার করে পুলিশ। পরে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। ১৮ মাস কারাভোগের পর গত বছরের ৩০ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিনি জামিনে মুক্ত হন।




