স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে শহরের কলেজ মোড় ও থানা মোড় এলাকায় ১১ ফার্মেসীতে ১ আগস্ট বুধবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযান পচিালিত হয়। ওইসময় পণ্যের মোড়কে উল্লিখিত সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যের চেয়ে অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে কলেজ মোড়ের তালুকদার ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এছাড়াও অভিযানকালে দু’টি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ কয়েক প্যাকেট ওষুধ পাওয়ায় সেগুলো ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। সেইসাথে ভবিষ্যতে এ ব্যাপারে সচেতন থাকতে সতর্ক করা হয়। অভিযানের সময় জনসচেতনতামূলক পোস্টার, লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম এ বাজার অভিযান পরিচালনা করেন। এতে জেলা প্রশাসন, সদর থানা পুলিশ, জেলা বাজার কর্মকর্তা, ক্যাব ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহযোগিতা করেন।




