নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ শহীদের স্মরণে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে। ১৮ জুলাই বুধবার দুপুরে উপজেলার গড়কান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই অভিযানের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
জানা যায়, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে ৩০ লাখ শহীদেও স্মরণে সারাদেশে বৃক্ষরোপনের অভিযানের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তার অংশ হিসেবে উপজেলার ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৬টি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ হাজার ৮শ টি গাছের চারা রোপন করার কাজ চলছে। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান গড়কান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করে কার্যক্রমের উদ্বোধন করেন। ওইসময় গড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকবুল হোসেন সহকারী শিক্ষকসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।এ উপজেলায় ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ৭ হাজার ৮শটি গাছের চারা রোপন করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান।




