শেরপুরের নকলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে নকলা পৌরসভার লাভা মহল্লায় ওই ঘটনা ঘটে। তার আপন চাচাতো ভাই বেলায়েত হোসেন বকুল (৬০) ও বকুলের আপন ভাতিজা হুমায়ুন কবিরের সাথে জমিজমা সংক্রান্ত চলমান বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ দৈনিক আজকের পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রের শেরপুর জেলা প্রতিনিধি এবং শেরপুর থেকে প্রকাশিত শ্যামলবাংলা২৪ডটকম এর স্টাফ রিপোর্টার।
জানা যায়, সাংবাদিক জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে নকলা পৌরশহরে বসবাস করছেন। পৌরসভার লাভা মহল্লায় তার রয়েছে পৈতৃক বাড়ি ও কৃষি জমি। পৈতৃক বাড়িতে না থাকার সুবাদে আপন চাচাতো ভাই বেলায়েত হোসেন বকুল ও বকুলের আপন ভাতিজা হুমায়ূন কবির সাংবাদিক জাহাঙ্গীরের জায়গা-জমি জবরদখলের পায়তারা করে আসছিল। মঙ্গলবার সকালে সাংবাদিক জাহাঙ্গীর শ্রমিক নিয়ে তার স্বত্বদখলীয় জমিতে বোরোধান রোপনের জন্য গেলে বকুল কোদাল দিয়ে অতর্কিত সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। পরে বকুলের আপন ভাতিজা হুমায়ুন জাহাঙ্গীরের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং তাকে উপর্যুপরি লাথি ও কিলঘুষি মারে। খবর পেয়ে নকলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক জাহাঙ্গীরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এদিকে সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার ঘটনায় শেরপুর জেলার সাংবাদিক সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেইসাথে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ গোপ বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছি। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




