গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা–খুলনা মহাসড়কে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছেন। তারা প্রাইভেটকারের যাত্রী চিকিৎসক বাসুদেব সাহা, তার স্ত্রী শিবানী সাহা, ছেলে স্বপ্নীল সাহা। তারা ঢাকা থেকে গোপালগঞ্জ আসছিলেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, রাজিব পরিবহন নামে একটি বাস পাথরঘাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা এলাকায় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। এরপর হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন মারা যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে সড়কের পাশেই ধান মাড়াই করছিল স্থানীয়রা। নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী, তিনজন প্রাইভেটকারের যাত্রী, দুজন ধান মাড়াইকারী ও একজন বাসের যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এ ছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ও নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




