বিচারপতি সাহাবুদ্দীন আহমদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশে গণতান্ত্রিক ইতিহাসে অনন্য হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের মৃত্যুর পর জাতীয় প্রেসক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক কাউন্সিলে বিএনপি মহাসচিব শোক প্রকাশ করতে গিয়ে এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আজকে সকালে বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন যিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্যান্য ভূমিকা পালন করেছেন। ১৯৯১ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বসম্মতভাবে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনকালীন সময়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন এবং একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করেছিলেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ দেশের মানুষ যত দিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে তত দিন তাকে স্মরণ করবে। তার যে ভূমিকা নিঃসন্দেহে দেশের গণতান্ত্রিক ইতিহাসের অনন্য হয়ে থাকবেন।’ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল।




