ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর পর দেশটিতে প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার জাতিসংঘের পক্ষ থেকে এমনটি জানানো হয়। জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর ইউক্রেন থেকে প্রায় ১৪ লাখ শিশু পালিয়েছে। এর মানে দাঁড়ায় প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমের পক্ষ থেকে আজ মঙ্গলবার বলা হয়, প্রায় ৩০ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছে। যাদের মধ্যে অর্ধেকই শিশু।
জাতিসংঘ শিশু তহবিলের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনে গত ২০ দিনে গড়ে প্রতিদিন ৭০ হাজারের বেশি শিশু শরণার্থী হয়েছে। এর মানে হলো প্রতি মিনিটে ৫৫ জন। সুতরাং প্রতি সেকেন্ডে প্রায় একটি শিশু শরণার্থী হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন গতি এবং সংখ্যা আর দেখা যায়নি।

সতর্ক করে এল্ডার বলেন, শরণার্থী হওয়া ইউক্রেনীয় শিশুরা পারিবারিক বিচ্ছেদ, সহিংসতা, যৌন নিপীড়ন এবং পাচারের ঝুঁকিতে রয়েছে ৷ তাদের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং শিশু সুরক্ষা সেবার খুব প্রয়োজন।




