স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের স্থানান্তরিত জনবলের চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ীকরণ ও পদোন্নতির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে শেরপুর সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাসান, সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আইরীন সুলতানা, মো. ফিরোজ আলী, লুৎফর রহমান, মোস্তাইন বিল্লাহ সোহাগ, মোহাম্মদ কামরুজ্জামান, মকবুল হোসেনসহ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। পরে দাবী আদায় সম্বলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করার জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল মামুনের কাছে হস্তান্তর করা হয়।
শেরপুর সদর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আইরীন সুলতানা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আগামী রবিবার থেকে তাঁরা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।




