শ্যামলবাংলা স্পোর্টস : বিতর্কিত গোলে কোপা আমেরিকার শতবর্ষী আসর থেকে ব্রাজিল ছিটকে পড়ার পর রেফারিকে ধুয়ে দিয়েছেন দুঙ্গা। ৮ বারের চ্যাম্পিয়নদের এই নিয়তি ফুটবল নির্ধারণ করে দেয়নি বলে দাবি করেছেন দেশটির কোচ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর সঙ্গে ড্র করলেই কোয়ার্টার-ফাইনালে উঠত ব্রাজিল। কিন্তু ফক্সবরোয় বাংলাদেশ সময় সোমবার সকালে ১-০ গোলের হারে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে ব্রাজিল। ওই গ্রুপ থেকে শেষ আটে উঠেছে পেরু ও একুয়েডর।
রাউল রুইদিয়াসের বিতর্কিত গোলটি আসে ম্যাচের ৭৫তম মিনিটে। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে ডান দিক থেকে আন্দি পলোর ক্রসে হাত দিয়ে বল জালে পাঠিয়ে দেন বদলি হিসেবে নামা এই স্ট্রাইকার।
ভিডিও রিপ্লে দেখে সিদ্ধান্ত দেওয়ার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না এই টুর্নামেন্টে। অনেক সময় নিয়ে সহকারীর সঙ্গে আলোচনা করেও হ্যান্ডবলটি ধরতে পারেননি উরুগুয়ের রেফারি আন্দ্রেস কুনাহ। রেফারির এই সিদ্ধান্তে ব্রাজিলের খেলোয়াড়রা ক্ষোভে ফেটে পড়ে। ম্যাচ শেষে দুঙ্গাও বিষয়টি মেনে নিতে না পারার কথা বলেন। “সবাই দেখেছে কী ঘটেছে। সবাই যা দেখেছে তা আমরা পরিবর্তন করতে পারি না।” “আমি বুঝতে পারছি না রেফারি আর সহকারী (রেফারি) মিলে ৪ মিনিট কেন আলোচনা করলেন এবং এর পর কোনো সমাধান হলো না। ব্রাজিল বাদ পড়েছে, কিন্তু ফুটবল খেলে নয়।”




