ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সংখ্যালঘু পরিবারের এক তরুণীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে কামাল (৩৫) নামে এক বখাটেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১২ মে বৃহস্পতিবার রাতে। বখাটে কামাল উপজেলার সারিকালীনগর গ্রামের ছামেদালীর পুত্র।
জানা যায়, বখাটে কামাল একই গ্রামের সংখ্যালঘু পরিবারের কন্যাকে (২০) বেশ কিছুদিন থেকে কু-প্রস্তাবসহ রাস্তাঘাটে উত্যক্ত করে আসছিল। বৃহস্পতিবার রাতে ওই পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ীতে না থাকায় ফাঁকা বাড়ি পেয়ে কামাল বাড়িতে ঢুকে জোর পূর্বক ওই তরুণীকে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে বখাটে কামাল সটকে পড়ে। অভিযোগ রয়েছে, ওই ঘটনাকে পুজিঁ করে স্থানীয় একটি কুচক্রী মহল বখাটে কামালের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের অর্থ। তারা ঘটনাটি ধামাচাপা দিতে ওই সংখ্যালঘু পরিবারকে গ্রাম ছাড়া করার জন্য হুমকি প্রদান করে আসছিল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে কামালকে গ্রেফতার করে। এ ব্যাপারে সংখ্যালঘু পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওসি (তদন্ত) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




